গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, আহত ২৫

 
গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে বুধবার সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপে ২৫জন শ্রমিক আহত হন।
IMG0
জানা যায়, কালিয়াকৈর  উপজেলার বাড়াইপাড়া এলাকার হ্যাসং বিডি লিমিটেড নামে একটি পোশাক কারখানার দুই সহস্রাধিক শ্রমিক ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে বুধবার সকাল থেকে  কর্মবিরতি শুরু করেন । এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে সকাল সাড়ে ১০টার থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এসময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এক পর্যায়ে ঘটনাস্থলে শিল্প-পুলিশ পৌঁছে শ্রমিকদের উপর লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট  নিক্ষেপ করলে তারা ছত্রভঙ্গ হয়ে যান। এসময় কমপক্ষে ২৫জন শ্রমিক  আহত হন।
IMG1
শিল্প-পুলিশ গাজীপুর-২ এর ওসি মোহাম্মদ শহীদুল্লাহ জানান, প্রথমে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করা হয়েছে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য লাঠিচার্জ ও কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা  ছত্রভঙ্গ হয়ে যান। বেলা ১১টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
 
ইত্তেফাক/ আরকেজি