কারখানা থেকে বের হয়েই দুর্বৃত্তের হামলায় প্রাণ হারালেন শ্রমিক

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় আবুল কাশেম নামে (২২) এক শ্রমিক নিহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার রাত ১০টার দিকে হেমায়েতপুরের পদ্মারমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত কাশেম রংপুর জেলার পীরগঞ্জ থানার বড়ভগবানপুর গ্রামের শহিদুল হোসেনের ছেলে। তিনি ওই এলাকার পদ্মা টিউব ক্যান কারখানায় কাজ করতেন।

 

স্থানীয়রা জানান, রাতে কারখানা ছুটির পর বের হয়েই হামলার শিকার হন আবুল কাশেম। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।

 

সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ জানান, লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার উপর হামলা করা হয়েছে বা কারা হামলা করেছে এ ব্যাপারে এখনো কিছু বলা যাচ্ছে না। তবে কারখানার সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে মূল ঘটনা নিশ্চিত হওয়া যাবে।

 

ইত্তেফাক/এএম