কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ছাত্রলীগের শিক্ষা উপকরণ বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৪ তম জন্মদিনে দেশব্যাপী নানা কর্মসূচী নিয়েছিল ছাত্রলীগ। এসব কর্মসূচীর মধ্যে ছিল শহীদ শেখ রাসেলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল, কেক কাটা ও কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

ঢাকায় কেন্দ্রীয়ভাবে শেখ রাসেলের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতারা। সকাল ৮টায় বনানী কবরস্থানে রাসেলসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটি।

এছাড়া দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোপার্জিত স্বাধীনতা চত্বরে কেক কেটে শেখ রাসেলের জন্মদিন উদযাপন করে ছাত্রলীগ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসব উপকরণের মধ্যে রয়েছে স্কুল ব্যাগ, খাতা, কলম, পেন্সিল ইত্যাদি।

ছাত্রলীগের দেওয়া উপকরণগুলো হাতে পেয়ে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে উপস্থিত শিক্ষার্থীদের।

ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনসহ কেন্দ্রীয় ও ঢাবির নেতা-কর্মীরা এসব কর্মসূচীতে অংশ নেন।

ইত্তেফাক/নূহু