বগুড়ার শেরপুরে চরমপন্থীদের গুলিতে পুলিশের এএসআই আহত

বগুড়ার শেরপুরে চরমপন্থীদের গুলিতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) নান্নু মিয়া (৪০) আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সোমবার রাত পৌনে ১২টার দিকে শেরপুরের ভবানীপুর ইউনিয়ন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, রাতে ভবানীপুর বাজার এলাকায় নান্নু মিয়াসহ পুলিশের দুই কনস্টেবল অটোরিকশায় করে টহল দিচ্ছিলেন। তাদের অটোরিকশা যখন ভবানীপুর মন্দির সড়ক দিয়ে বাজারের দিকে যায় তখন চরমপন্থীরা বাজারে পোস্টার লাগাচ্ছিলেন। এটা দেখে নান্নু মিয়া তাদের চ্যালেঞ্জ করলে তারা তার ডান হাঁটুতে গুলি করে পালিয়ে যায়। পরে নান্নু মিয়াকে প্রথমে শেরপুর হাসপাতাল ও পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাত ৩টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

আরও পড়ুন: পাবনায় ৬ শতাধিক চরমপন্থী আত্মসমর্পণ করবে আজ

পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান,চরমপন্থীদের সাঁটানো ওসব পোস্টারের লেখা ছিল ‘পাবনায় কয়েকটি বিপ্লবী সংগঠনের নামে রাষ্ট্রীয় চক্রান্তে ৬১৪ সদস্যের নাটকীয় আত্মসমর্পণকে প্রত্যাখ্যান করুন— মার্কসবাদ, লেনিনবাদ জিন্দাবাদ।’

ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, চরমপন্থীদের ওই দলে ২০-২৫ জন সদস্য ছিলেন। পুলিশের ওপর হামলা শেষে চরমপন্থীরা পাকা সড়ক দিয়ে হেঁটে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দিকে চলে যায়। তারা সবাই সশস্ত্র ছিলেন।

প্রসঙ্গত, পাবনাসহ উত্তর ও দক্ষিণবঙ্গের ১৫ জেলার প্রায় ৬ শতাধিক চরমপন্থী আজ মঙ্গলবার পাবনার শহীদ অ্যাডভোকেট আমিনউদ্দিন স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে আত্মসমর্পণ করবে। বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের আইজিপি ড. জাবেদ পাটোয়ারীর কাছে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন চরমপন্থী দলের সদস্যরা।

ইত্তেফাক/এমআরএম