পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

 
জয়পুরহাট ও কুড়িগ্রামে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।
 
জয়পুরহাট: সদর উপজেলার খনজনপুর বুজরুক ভারুনিয়া এলাকায় দুপুরে চিড়ি নদীতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। জয়পুরহাট থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, বুজরুক ভারুনিয়া গ্রামের গোলাম জাকারিয়া সোহাগের ৫ বছরের মেয়ে জিনিয়া এবং অনিক হোসেন পাপ্পুর ৩ বছরের মেয়ে রুহিমনি বাড়ির পাশে খেলা করছিল। এ সময় পরিবারের লোকজনের অজান্তে চিড়ি নদীতে পড়ে তলিয়ে যায় তারা। অনেক খোঁজাখুঁজির পর দুপুর সোয়া ২টার দিকে নদীতে তাদের লাশ ভাসতে দেখে এলাকাবাসী। পরে লাশ দুটি উদ্ধার করা হয়।
 
ফুলবাড়ী (কুড়িগ্রাম): ফুলবাড়ীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ওই শিশুর নাম রোদেলা (২)। সে উপজেলার বড়ভিটা ইউনিয়নের বসুনিয়াটারী গ্রামের রমজান আলী বসুনিয়ার মেয়ে। জানা গেছে, দুপুরে খেলতে গিয়ে সকলের অজান্তে বাড়ির সামনের পুকুরে পড়ে যায় শিশুটি।
 
ইত্তেফাক/আরকেজি