সাতক্ষীরার তালা উপজেলার দুই মেধাবী ছাত্র মেডিকেলে চান্স পেয়েও টাকার অভাবে ভর্তি হতে পারছিলেন না। জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের নির্দেশনায়, তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেনের উদ্যোগে ও স্থানীয় দানশীল ব্যক্তিদের সহায়তায় বৃহস্পতিবার দুপুরে তাদেরকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়।
তারা হলেন- উপজেলার মহান্দী গ্রামের নাসির আকুঞ্জীর ছেলে জুবায়ের হোসেন এবং হরিহরনগর গ্রামের রাজ্জাক মোড়লের ছেলে মো. মোকলেচুর রহমান। জুবায়ের চান্স পেয়েছেন বরিশাল মেডিকেল কলেজে এবং মোকলেচুর রহমান চান্স পেয়েছেন রাজশাহী মেডিকেল কলেজে। তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন বলেন, তাদেরকে জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ থেকে আরো অনুদান প্রদানের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/আরকেজি