নিজ মাঠে বাংলাদেশের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে ছক্কার ডাবল সেঞ্চুরি পূর্ণ করলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডি ভিলিয়িার্স। কেবল ছক্কার রেকর্ড নয় দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটিও গড়েছেন এ তারকা ব্যাটসম্যান।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে গতকাল বাংলাদেশের বিপক্ষে নিজের সর্বোচ্চ ১৭৬ রানের ইনিংস খেলার পথে ছক্কা মারার ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ৫০ ওভার ফর্মেটে প্রোটিয়াদের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ১৮৮ রানের ইনিংসটি এখনো সাবেক অধিনায়ক গ্যারি কার্স্টেনের দখলে রয়েছে।
টাইগারদের বিপক্ষে গতকালের ম্যাচে সাতটি ছক্কা হাকান ডি ভিলিয়ার্স। এ ম্যাচে ষষ্ঠ নম্বরটি ছিল তার ২০০তম ছক্কা। কাকতালীয় ভাবে ষষ্ঠ ছক্কা হাকিয়ে এ ফর্মেটে ডাবল ওভার বাউন্ডারি হাকানো ষষ্ঠ খেলোয়াড়ও এখন তিনি। ওয়ানডে ক্রিকেটে ২১৪ ইনিংসে এখন তার মোট ছক্কা ২০১টি।
ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ৩৫১ টি ছক্কা হাকিয়ে সবার উপরে আছেন পাকিস্তানের শহিদ আফ্রিদি। এরপর রয়েছেন যথাক্রমে শ্রীলংকার সনত জয়সুরিয়া (২৭০), ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (২৫২), ভারতের মহেন্দ্র সিং ধোনি (২১৩), দক্ষিণ আফ্রিকার ডি ভিলিয়ার্স (২০১) ও নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম (২০০)।
প্রোটিয়াদের মধ্যে ডি ভিলিয়ার্সের পর দ্বিতীয় সর্বোচ্চ ১৩৭ ছক্কা রয়েছে জ্যাক ক্যালিসের। ১২৮টি ছক্কা হাকিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন হার্শেল গিবস।
ইত্তেফাক/ রেজা