রাজধানীর ধানমন্ডি এলাকায় বাড়ির নিরাপত্তাকর্মীকে কুপিয়ে একটি মোটরসাইকেল লুট করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার দিকে এই এ ঘটনা ঘটে। গুরুতর আহত নিরাপত্তাকর্মী মিনহাজ উদ্দিনকে (৭০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসকরা।
জানা গেছে, ধানমন্ডির ১৩ নম্বর সড়কের ৮/এ/৯/১ নম্বর বাড়িতে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন মিনহাজ উদ্দিন। বাড়িটির ৫ম তলার একটি ফ্ল্যাটের মালিক ইমতিয়াজ সাইফ বর্ণ জানান, বাড়ির নিচতলার গ্যারেজে তার একটি নতুন মোটরসাইকেল ছিল। আজ ভোর সাড়ে ৪টার দিকে দুইটি মোটরসাইকেলে তিন যুবক ওই বাড়ির গেটের সামনে আসে। তারা নিচতলায় ঢুকে নিরাপত্তাকর্মী মিনহাজকে কুপিয়ে তার মোটরসাইকেলটি লুট করে নিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় মিনাহজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিকেলে হাসপাতাল থেকে চিকিৎসা শেষে মিনহাজ বাসায় ফিরেছেন উল্লেখ করে ধানমন্ডি থানার ওসি আবদুল লতিফ বলেন, এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত থানায় কেউ মামলা করেনি। তবে পুলিশ নিজ উদ্যোগে ওই বাড়ির আশপাশের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
ইত্তেফাক/কেকে