রাজধানীতে সারোয়ার-তামিম গ্রুপের ২ সদস্য গ্রেফতার

 
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গত বুধবার রাতে রাজধানীর সবুজবাগ ও ওয়ারী এলাকা থেকে গিয়াস উদ্দিন (৩৪) ও লিটনকে (৩৪) গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ বন্দর ও রূপগঞ্জ থানায় সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। 
 
র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শাকিল আহমেদ সাংবাদিকদের জানান, র‌্যাবের দায়ের করা মামলায় পলাতক দুই আসামিকে ধরতে বুধবার রাতে অভিযান চালায় র‌্যাব-১১। পরে সবুজবাগ থানা এলাকা থেকে গিয়াস উদ্দিন ও ওয়ারী থানা এলাকা থেকে মো. লিটনকে গ্রেফতার করা হয়। গিয়াস উদ্দিন ২০০০ সাল থেকে ঢাকায় রিকশা চালিয়ে ও বার্বুচির কাজ করে আসছিলেন। ২০১২ সালের মাঝামাঝি সে জসিম উদ্দিন রাহমানির বাবুর্চি হিসেবে কাজ শুরু করেন। জসিম উদ্দিন রাহমানির উগ্রবাদী মতবাদে উদ্বুদ্ধ হয়ে জঙ্গিবাদে সম্পৃক্ত হন। পরে আরিফ হোসেনের মাধ্যমে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপে যোগদান করেন। পরে দাওয়াতি কাজ সক্রিয়ভাবে শুরু করেন। তিনি বাবুর্চি কাজের আড়ালে জেএমবির দাওয়াতের কাজ করে আসছিলেন।
 
অপর জেএমবি সদস্য লিটন ২০০৫ সালে ঢাকায় এসে প্রথমে নাইটগার্ড এবং পরবর্তীতে নির্মাণ শ্রমিকের কাজ করেন। তিনি ২০১২ সালে জসিম উদ্দিন রাহমানির মসজিদে যাতায়াত শুরু করে এবং জঙ্গিবাদে উদ্বুদ্ধ হন। ২০১৩ সালে মুনতাসিরের সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়। পরে ২০১৫ সালে মুনতাসিরের মাধ্যমে জেএমবিতে সারোয়ার-তামিম গ্রুপে যোগদান করে দাওয়াতি কাজ শুরু করে। দুই জনের বিরুদ্ধেই মামলা হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে