নো-ম্যান্স ল্যান্ডে চারদিন ধরে বিজিবির প্রতিরোধের মুখে আটকে পড়া প্রায় ২০ হাজার রোহিঙ্গা অবশেষে কক্সবাজারের উখিয়ার বালুখালি ক্যাম্পে জায়গা পাচ্ছেন। বিজিবির সহায়তায় বৃহস্পতিবার তাদের ক্যাম্পে আনা শুরু হয়েছে।
বিজিবি কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ইকবাল আহমেদ বলেন, বুধবার রাতে তাদের সরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়া যায়। এর আলোকে বৃহস্পতিবার সকাল থেকে রোহিঙ্গাদের কড়া পাহারায় নিয়ে আসা শুরু হয়। এ কার্যক্রমে আরআরসি, ইউএনএইচসিআর এবং আইওএম সহযোগিতা করছে।
উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও রোগ প্রতিষেধক টিকা কার্যক্রমের সমন্বয়কারী ডা. মিসবাহ উদ্দিন আহমেদ জানান, নো-ম্যান্স ল্যান্ডে অবস্থানরত রোহিঙ্গাদের সংখ্যা ১৫-২০ হাজারের মতো।
ইত্তেফাক/আরকেজি