ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি বাতিল করলে ইরানও সেখান থেকে সরে যাবে। বুধবার তেহরানে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খামেনি বলেন, ইউরোপের দেশগুলো জোরালোভাবে পরমাণু সমঝোতার পক্ষে আওয়াজ তুলছে। তারা এ চুক্তি থেকে সরে যাওয়ার বিষয়ে ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানিয়েছে। এমন ভূমিকা প্রশংসাযোগ্য। তবে ট্রাম্পের প্রতি শুধু তাদের আহবান বা নিন্দাই যথেষ্ট নয়। চুক্তি বাতিলে হোয়াইট হাউস যে উদ্যোগ নিচ্ছে, ইউরোপকে তার বিরুদ্ধে অবস্থান নিতে হবে। অন্যথায় ট্রাম্প প্রশাসন পরমাণু সমঝোতা বাতিল করলে ইরানও একই পথে হাঁটবে।
প্রসঙ্গত, গত শুক্রবার হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণে ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে পরমাণু সমঝোতার স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার ‘বাস্তব সম্ভাবনা’ রয়েছে। খামেনি মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যকে ‘প্রলাপ ও অপলাপ’ বলে আখ্যা দেন।
ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেন, যুক্তরাষ্ট্র দায়েশের (আইএস) মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জন্ম দিয়েছে। আর এ কারণে যারাই জঙ্গিদের মোকাবেলা করছে তাদের ওপরই ক্ষুব্ধ হচ্ছে ওয়াশিংটন। তিনি বলেন, ‘আমাদের সব উন্নতি ঘটেছে অবরোধের মধ্যে। যুক্তরাষ্ট্রের বিদ্বেষী আচরণ সত্ত্বেও আমরা আরও শক্তিশালী হয়েছি। আমরা লেবানন, সিরিয়া ও ইরাকে মার্কিন পরিকল্পনা নস্যাৎ করতে সক্ষম হয়েছি। আপনারা আস্থা রাখুন, এবারও তারা চপেটাঘাত খাবে।’ এএফপি ও রয়টার্স।
ইত্তেফাক/সাব্বির