ভর্তি পরীক্ষায় জালিয়াতি প্রতিরোধে কঠোর অবস্থানে রাবি প্রশাসন

 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)আসন্ন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতি প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষা জালিয়াতি রোধ, ক্যাম্পাসে যান নিয়ন্ত্রণ, খাবারের মূল্য নির্ধারণ, সার্বিক নিরপত্তাসহ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মলনে এসব তথ্য জানানো হয়।
 
লিখিত বক্তব্যে জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, ‘ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে বেশ কিছু চক্র এবং স্থানকে শনাক্ত করা হয়েছে। যেকোনো সময় অভিযান চালিয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ভর্তি পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসের সার্বিক নিরপত্তা রক্ষায় আইন শৃংঙ্খলা বাহিনী, পুলিশের ঊর্দ্ধতন কর্মকতা, র‌্যাব, ডিজিএফআই, এনএসআইসহ  বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা সর্তক অবস্থানে থাকবে।’
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এম আব্দুস সোবহান বলেন, ‘ভর্তি পরীক্ষাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমরা দফায় দফায় রাজশাহী মহানগর ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছি। তারা আমাদের সর্বোচ্চ সহায়তা করবে বলে জানিয়েছেন।’
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, রেজিস্ট্রার অধ্যাপক এম আব্দুল বারী, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, ছাত্র উপদেষ্টা জান্নাতুল ফেরদৌস শিল্পী, আইসিটির পরিচালক খাদেমুল ইসলাম মোল্লা প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি