কোহলির প্রশংসায় রোমাঞ্চিত আমির

ক’দিন আগেই মোহাম্মদ আমিরের বোলিং নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বলিউড অভিনেতা আমির খানের এক প্রশ্নের জবাবে বলেছিলেন, ‘বিশ্বের প্রথম দু-তিনজন বোলারের একজন সে। আমার ক্যারিয়ারে মুখোমুখি হওয়া সবচেয়ে কঠিন বোলার।’ কোহলির মুখে নিজের বোলিংয়ের এমন প্রশংসা শুনে দুর্দান্ত রোমাঞ্চিত এই পাকিস্তান পেসার।
 
ক্রিকইনফোকে আমির বলেন, ‘সত্যি, এমন প্রশংসা শুনতে ভালই লাগে। ভালো খেলার পুরস্কার এটা। কোনো সন্দেহ নেই, কোহলি খুব ভালো ব্যাটসম্যান এবং তার প্রশংসা আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। আর নিজের ওপর বিশ্বাস করতে পারলে বোলিং আরও ভালো হয়।’
 
ফের কোহলির ব্যাটিংয়ের প্রশংসা করে আমির বলেন, আমি বহুবার বলেছি, বর্তমানে সে-ই আমার প্রিয় ব্যাটসম্যান। সে খুব শক্ত প্রতিপক্ষ এবং তার বিপক্ষে খেলতে হলে আপনাকেও সে রকম দৃঢ় হতে হবে।’
 
মাঝেমধ্যে পুরষ্কারও আদান প্রদান করেন তারা। আমির বলেন, ‘আমাদের মধ্যে বোঝাপড়া খুব ভালো। চ্যাম্পিয়নস ট্রফিতে আমাকে একটা ব্যাট দিয়েছে, বিশ্ব টি-টোয়েন্টিতেও দিয়েছিল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও একসঙ্গে খেলেছি আমরা। আমি যে বছর খেলছি, কোহলি সেবার ভারতের অধিনায়ক ছিল। আমাদের মধ্যে বোঝাপড়াটা তাই বেশ ভালো। ওর ব্যাট আমার খুব পছন্দ, তাই আমি সব সময় চেয়ে নিই। না চাইলেও আমাকে উপহার দেয় সে। কোনো সন্দেহ নেই, আমার কাছে কিছু চাইলে, অবশ্যই সেটা দেব।’
 
ইত্তেফাক/কেআই