খুলনায় ৩৬ ঘণ্টা পর ভৈরব নদী থেকে নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী খালিদ হাসানের (১৯) লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে রূপসা উপজেলার আইজগাতি ইউনিয়নের সেনহাটি বাজার সংলগ্ন ভৈরব নদের ফেরিঘাটের পন্টুনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে খালিদ হাসানের লাশ ভৈরব নদী থেকে উদ্ধার করা হয়। পরে বেলা ১২টার দিকে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়। এ ঘটনায় রূপসা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে রূপসা নদী পার হতে গিয়ে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হন খালিদ। এরপর ওইদিন রাত ও শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালালেও তার কোনো সন্ধান পায়নি।
জানা গেছে, শরীয়তপুর জেলার বাসিন্দা জালালউদ্দিনের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খালিদ হাসান তার ছোট ভাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ হাসানকে নিয়ে বটিয়াঘাটা উপজেলার বাইনতলা গ্রামের আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। তারা রূপসা নদী পার হওয়ার সময় একটি ট্রলার পূর্ব রূপসা ঘাট এলাকায় পৌঁছালে ঘাটে উঠতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যায় খালিদ। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। এ ঘটনায় রূপসা থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
ইত্তেফাক/মোস্তাফিজ