রাজধানীতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজন নিহত

রাজধানীতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- আতিকুর রহমান (১৩) ও নজরুল ইসলাম (৫০)। শনিবার রাজধানীর খিলগাঁও ও যাত্রাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আতিকুর রহমান খিলগাঁওয়ের এক মাদ্রাসা শিক্ষার্থী। খিলগাঁওয়ের তাদের বাসার সামনে জমে থাকা পানির নিচে পরে থাকা বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। আর নজরুল ইসলাম যাত্রাবাড়ী দক্ষিণ কাজলা নয়ানগর এলাকার একটি মুদি দোকানের ম্যানেজার ছিলেন।
 
নিহত আতিকুরের পরিবারের সদস্যরা জানান, তার বাবার নাম আইয়ুব আলী। তাদের গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলায়। তারা বর্তমানে সপরিবারে খিলগাঁও মেরাদিয়া নয়াপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। আতিকুর স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করতো। দুই দিনের টানা বৃষ্টিতে বাসার সামনের রাস্তায় পানি জমে যায়। শনিবার দুপুরে মাদ্রাসা থেকে ফেরার পথে বাসার সামনে জমে থাকা পানিতে পরে থাকা বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয় আতিকুর রহমান। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
 
নিহত নজরুল ইসলামের ছেলে তামিম জানান, তার বাবা নজরুল ইসলাম যাত্রাবাড়ী দক্ষিণ কাজলা নয়ানগর এলাকার একটি মুদি দোকানের ম্যানেজার ছিলেন। তাদের বাসা ওই এলাকাতে। শনিবার দুপুরে তাদের বাসার ফ্রিজ মেরামত করতে গিয়ে নজরুল ইসলাম বিদ্যুতায়িত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে দুপুর ২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি মর্গে রাখা হয়েছে।
 
ইত্তেফাক/এমআই