মাছ ও মাংসে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। তিনি বলেন, মেধাবী জাতি গঠনে আমিষের কোনো বিকল্প নেই। তাই দেশের মানুষের আমিষের চাহিদা মেটাতে কাজ করে যাচ্ছে তার মন্ত্রণালয়।
শনিবার দুপুরে রাজশাহীতে ‘লাইভস্টক পোল্ট্রি মেলা, ৩য় লাইভস্টক অ্যাওয়ার্ড প্রদান ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছে। পোল্ট্রি মুরগির মাধ্যমে মাংসেও স্বয়ংসম্পূর্ণতা অর্জিত হয়েছে। গত দুইবছর বিদেশী পশু ছাড়াই বাংলাদেশের কোরবানির চাহিদা মেটানো গেছে। আমিষ ছাড়া মেধা তৈরি হয় না। দেশের মানুষ এখন সুষম খাদ্য গ্রহণে খুব সচেতন। আমিষের চাহিদা মেটাতে অক্লান্ত কাজ করে যাচ্ছে প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
‘সকলের জন্য আমিষ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ লাইভস্টক সোসাইটি (বিএলএস) রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে এসব কর্মসূচির আয়োজন করে। সংগঠনের সভাপতি প্রফেসর ড. জালাল উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক প্রফেসর ড. এম খালেকুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আলী আকবর, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. আইনুল হক, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. তালুকদার নুরুন্নাহার, এসিআই এগ্রি বিজনেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. এফএইচ আনসারী, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রার ডা. ইমরান হোসেন খান, বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. বেলাল হোসেন প্রমুখ।
এর আগে সকালে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ একই স্থানে লাইভস্টক পোল্ট্রি মেলার উদ্বোধন করেন। পরে তিনি তৃতীয় লাইভস্টক অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন। এবার বিভিন্ন ক্যাটাগরিতে ১৪ জন এই অ্যাওয়ার্ড লাভ করেছেন।
ইত্তেফাক/এমআর