ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত নিরাপত্তাকর্মীর মৃত্যু

রাজধানীর সেনপাড়া এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত এক নিরাপত্তাকর্মী মারা গেছেন। নিহত নিরাপত্তা কর্মীর নাম জ্যাকব বাড়ৈ (৫৫)। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করে। উল্লেখ্য, গত ১৬ অক্টোবর রাতে তিনি ছিনতাইকারীদের ছুরিকাঘাতের শিকার হন। 
 
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ২ বছর যাবৎ জ্যাকব বাড়ৈ মিরপুর থানাধীন সেনপাড়া পর্বতার ৩২/৪ নম্বর বাড়ির নিরাপত্তারক্ষী ছিলেন। গত ১৬ অক্টোবর রাত ৩টার দিকে ওই বাড়ির সামনে কয়েকজন ছিনতাইকারী তার মোবাইল কেড়ে নেয়ার চেষ্টা করে। তখন তিনি বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। পরে সেখানকার চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলের। সকাল ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 
 
মিরপুর থানা পুলিশ জানায়, এ ঘটনায় নিহতের ভাই পল বাড়ৈ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। নিরাপত্তারক্ষী নিহতের ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে দুর্বৃত্তদের ধরার জন্য চেষ্টা চালানো হচ্ছে। জানা গেছে, নিহত জ্যাকব বাড়ৈ দুই সন্তানের জনক। তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার আটাশী এলাকায়।
 
ইত্তেফাক/এমআই