বিশ্বব্যাপী আন্তর্জাতিক শিশু অধিকার সংস্থা সেভ দ্য চিলড্রেন এর প্রধান (সিইও), ডেনমার্কের সাবেক প্রধানমন্ত্রী ও ইউরোপীয়ান ইউনিয়ন পার্লামেন্টের মেম্বার মিস হ্যালে থরনিং-স্মিথ বলেছেন, রোহিঙ্গা সমস্যা একটি আন্তর্জাতিক সমস্যা এর সমাধান আন্তর্জাতিক ভাবে হওয়া প্রয়োজন।
শনিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। মিস হ্যালে থরনিং-স্মিথ ১৯ অক্টোবর তিন দিনের সফরে বাংলাদেশ আসেন এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শিশু, তাদের বর্তমান অবস্থা, কক্সবাজারে সেভ দ্য চিলড্রেন এর কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। পরে নগরীর একটি হোটেলে উক্ত সাংবাদিক সম্মেলনে তিনি তার অভিজ্ঞতা বর্ণনা করেন।
তিনি বলেন, রোহিঙ্গা শিশুদের জীবন বাঁচানোর জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তার গতিকে তরান্বিত করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দিয়ে তিনি আরও জানান, কেবল আশ্রয় নেওয়া রোহিঙ্গা শিশুই নয় ও আশ্রয় প্রদানকারী এলাকাতেও শিশু সুরক্ষা দৃঢ় করা তাঁর বাংলাদেশ সফরের অন্যতম উদ্দেশ্য।
মিস হ্যালে থরনিং-স্মিথ বলেন, এই রোহিঙ্গা শিশুরা সীমান্তের অপরপাশে যে ভয়াবহ সহিংসতা দেখে এসেছে তা কোন শিশুরই দেখা কাম্য নয়। শিশু সুরক্ষা সম্পর্কে দৃঢ় উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, ক্ষুধা ও সহিংসতা থেকে পালিয়ে আসা মানুষের ভিড়ে অসংখ্য শিশু পরিবার হতে বিচ্ছিন্ন একাকী বেশিরভাগ শিশুই এখনও মানসিকভাবে বিভীষিকা কাটিয়ে উঠতে পারেনি। তিনি রোহিঙ্গা সংকটকে শিশুদের জন্য ‘জরুরি অবস্থা’ হিসেবে আখ্যায়িত করেন। এই অবস্থায় খুব সহজেই মানবপাচার, যৌন নির্যাতন ও শিশু শ্রমের শিকার হতে পারে রোহিঙ্গা শিশুরা।
ইত্তেফাক/এমআই