রাত আটটার মধ্যে টিএসসিতে সকল কার্যক্রম বন্ধের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সব ধরনের কার্যক্রম রাত আটটার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। টিএসসি পরিচালক মহিউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ছাত্র-ছাত্রীরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টিএসসিতে অবস্থিত সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলোকে বিবিধ বিবেচনায় নিরাপত্তার স্বার্থে নিজ নিজ কার্যক্রম রাত আটটার মধ্যে বন্ধ করতে হবে। তবে কাজের স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সময় রাত ১১টা পর্যন্ত করা যাবে।
 
এ বিষয়ে ইত্তেফাককে টিএসসি পরিচালক মহিউজ্জামান বলেন, পূর্বেও এমন নিয়ম ছিলো। শিক্ষার্থীদের শৃঙ্খলাপূর্ণ জীবনে ফিরিয়ে আনতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। এটি সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করার কোনো নির্দেশনা নয়।

তবে পূর্বে এমন কোনো নির্দেশনা ছিলো না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। তিনি বলেন, একবার উপাচার্য এমাজউদ্দিন আহমেদের সময় এমন একটি নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সেটি শিথিল করি।

গোলাম কুদ্দুছ আরও বলেন, টিএসসির সাংস্কৃতিক কর্মকাণ্ডের রিহার্সেলই তো শুরু হয় সাতটায়। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত ছাত্র-ছাত্রীরা মেনে নিবে না বলে জানান তিনি।

এদিকে, বিজ্ঞপ্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র-ছাত্রীরা তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক চর্চার কেন্দ্রে কার্যক্রম পরিচালনার জন্য কেনো সময় বেধে দেওয়া হবে?

উলুল আমর অন্তর নামে এক ছাত্র বলেন, শিক্ষার বাণিজ্যিকিকরণের যুগে শিক্ষার্থীদের শুধু অ্যাকাডেমিক পড়াশুনায় সীমাবদ্ধ করার গভীর ষড়যন্ত্র হতে পারে এটি।

তবে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কিছু ছাত্র-ছাত্রী। আসাদুজ্জামান নামে এক ছাত্র এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেন, রাত আটটার মধ্যে টিএসসি বন্ধের যে নোটিস দেয়া হয়েছে তা শতভাগ সঠিক সিদ্ধান্ত। অধিকাংশ ছাত্র-ছাত্রী এই সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করবেন বলে জানান তিনি।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের বক্তব্য পাওয়া যায়নি।

ইত্তেফাক/নূহু