ছাগলনাইয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ


ছাগলনাইয়া পৌরসভার ৫নং পশ্চিম ছাগলনাইয়া ওয়ার্ডের নতুন রৌশন আলী মুন্সী বাড়িতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শত বছরের পুরাতন পুকুর ভরাট এবং চলাচলের রাস্তা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আবদুল আজিজের পুত্র সুলতান আহাম্মদের বিরুদ্ধে।

সূত্র জানায়, ছাগলনাইয়া পৌরসভার ৫নং পশ্চিম ছাগলনাইয়া ওয়ার্ডের নতুন রৌশন আলী মুন্সী বাড়ির মৃত মুক্তিযোদ্ধা মো. সামছুল হুদার পুত্র কাতার প্রবাসী শরিয়ত উল্যার সঙ্গে একই বাড়ির মৃত আবদুল আজিজের পুত্র সুলতান আহাম্মদের জায়গা নিয়ে বিরোধ চলছে। সম্প্রতি বিরোধীয় জায়গায় শতবছরের পুরাতন পুকুর ভরাট করে এবং চলাচলের রাস্তা দখল করে সুলতান আহাম্মদ বহুতল ভবন নির্মাণ করার জন্য নির্মাণ সামগ্রী আনার পর প্রবাসী শরিয়ত উল্যার স্ত্রী জান্নাতুল ফেরদৌস বাদী হয়ে গত ৮ অক্টোবর ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন। আদালত বিরোধীয় জায়গায় নিষেধাজ্ঞা আরোপ করে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সুলতান আহাম্মদ ভবন নির্মাণ কাজ চালু রাখে এবং গত শুক্রবার ভাড়াটে সন্ত্রাসী নিয়ে দিনভর ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চালায়।

সুলতান আহাম্মদ বলেন, আমার জমিতে আমি কাজ করছি। আদালতে সে মিথ্যা মামলা দিয়েছে।

ছাগলনাইয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) জিলানী বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ কাজ করার বিষয়টি আমার জানা নেই। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ইত্তেফাক/নূহু