মাঠে নেমেই রেকর্ডে ভাগ বসালেন আগুয়েরো

ইনজুরির কারণে প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়েছে আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোকে। মাঠে এসেই গোল পেয়েছেন। বার্নলির বিপক্ষে পেনাল্টি থেকে পাওয়া গোলে ক্লাবের সর্বকালের সেরা গোলদাতার রেকর্ড ছূঁয়েছেন। আর একটিমাত্র গোল করলেই এখন তিনি হবেন ম্যানসিটির সর্বকালের সেরা গোলদাতা।
 
১৭৭ গোল করে ম্যানসিটির সর্বকালের সেরা গোলদাতা ছিলেন ইংলিশ ফুটবল তারকা এরিক ব্রুক। এই গোল করে এখন তার সঙ্গে সেই রেকর্ডে পাশাপাশি নাম লেখালেন আগুয়েরো। আর্জেন্টাইন তারকার এই দুর্দান্ত অর্জনে খুশি ম্যানসিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলাও। তিনি বলেন, ‘আগুয়েরোর উচিত এখন আমাদেরকে নৈশভোজে আমন্ত্রণ জানানো।’
 
আর এক গোল করে দ্রুতই রেকর্ড বুকে এককভাবে নিজের নাম লেখাবেন আগুয়েরো, এমন আশাবাদ ব্যক্ত করেন ম্যানসিটি বস। তিনি বলেন, ‘তার এখন একটা গোল দরকার। খুব দ্রুতই সেটা হবে। ক্লাবের সর্বকালের সেরা গোলদাতা হওয়াটা তার জন্য সত্যি বিশেষ সম্মানের। আমরা সত্যি খুশি যে দুর্দান্ত এই সময়ে তার সঙ্গে থাকতে পারছি।’
 
ইত্তেফাক/কেআই