নাচোলে দুইদিনের বৃষ্টিতে ক্ষতির মুখে কৃষক

 
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চলতি আমন মৌসুমে কারেন্ট পোকার আক্রমণের ধকল কাটিয়ে উঠতে না উঠতেই টানা দুদিনের বৃষ্টিতে চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষক। শুক্র ও শনিবার টানা বৃষ্টির সাথে দমকা হাওয়ার কারণে নাচোল উপজেলার প্রায় অর্ধেক জমির ধান গাছ মাটিতে পড়ে গেছে। এতে চলতি মৌসুমে আমন ধান ফলনের ব্যাপক বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষক।
 
কৃষি অফিস জানিয়েছে, দুদিনের বৃষ্টিতে উপজেলার প্রায় ২০ ভাগ ধান গাছ মাটিতে পড়ার তথ্য তাদের কাছে রয়েছে। জানা গেছে, বৃষ্টির আগে ধান ক্ষেতে কারেন্ট পোকার আক্রমণে নাচোল উপজেলার কৃষকরা দিশেহারা হয়ে পড়েছিলেন। বাজারে প্রয়োজনীয় কীটনাশক না পাওয়ায় কারেন্ট পোকা দমনে অনেক কৃষকই হিমশিম খাচ্ছিলেন। এ অবস্থায় কৃষকের 'মড়ার ওপর খড়ার ঘা' হিসেবে দুদিনের বৃষ্টি এবং দমকা হাওয়ায় উপজেলার প্রায় অর্ধেক ধানই মাটিতে পড়েছে বলে দাবি কৃষকদের।
 
শীষ ফোটার আগেই ধান গাছ পড়ার ফলে ফলনের ব্যাপক বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা। উল্লেখ্য, চলতি মৌসুমে নাচোল উপজেলায় এবার আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২১ হাজার ২৮০ হেক্টর জমি। এর বিপরীতে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে ৮৮ হাজার ৩২৮ মেট্রিক টন।
 
কসবা ইউনিয়নের কলিহার গ্রামের কৃষক হাবিবুর রহমান এবার ১২ বিঘায় আমন চাষ করেছিলেন। তার ১০ বিঘা জমির ধান গাছে মাটিতে পড়েছে। তিনি জানান, শীষ ফোটার আগেই ধান গাছ পড়ে যাওয়ায় চাহিদামতো ফলন হওয়ার সম্ভাবনা নেই। তিনি আরো জানান, বৃষ্টি আরো দুদিন হলে চরম ক্ষতিতে পড়বেন তারা।
 
এ বিষয়ে নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা সত্যেন কুমার শনিবার রাতে মুঠোফোনে জানান, নাচোল উপজেলায় দুদিনের বৃষ্টিতে প্রায় ২০ ভাগ ধান গাছ মাটিতে পড়ার তথ্য তাদের কাছে এসেছে। তবে আগামী দুইদিন বৃষ্টি হলে ক্ষতির পরিমাণ আরো বেড়ে যাবে। এ কর্মকর্তা আরো জানান, কয়েকদিন পর প্রকৃত ক্ষতির পরিমাণ নিরূপণ করে জানানো যাবে।
 
ইত্তেফাক/জামান