চোট-আঘাত, মাঠে বিবর্ণ পারফরম্যান্স মিলে দক্ষিণ আফ্রিকায় সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। দল হিসেবে ঘুরে দাঁড়াতে প্রয়োজন সম্মিলিত পারফরম্যান্স। যার হাত ধরে আসতে পারে স্বস্তির জয়। কাঙ্ক্ষিত জয় তুলে নেওয়ার আরেকটি সুযোগ পাচ্ছে আজ বাংলাদেশ দল। ইস্ট লন্ডনে আজ বাংলাদেশ সময় দুপুর ২টায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মনে করছেন অন্তত একটি জয়ও বড় অর্জন হবে বাংলাদেশের জন্য।
তামিমের ইনজুরির কারণে ওয়ানডে দলে সুযোগ পেয়েছিলেন মুমিনুল হক। একই কারণে টি-টোয়েন্টি দলেও ফিরছেন বাঁহাতি এ ব্যাটসম্যান। দুই ম্যাচ বসে থাকার পর বাঁহাতি ওপেনার সৌম্য ফিরছেন একাদশে তামিমের বদলি হিসেবে। আর স্পিন অলরাউন্ডার হিসেবে নাসিরের জায়গায় খেলবেন মেহেদী হাসান মিরাজ।
দক্ষিণ আফ্রিকা সফরে এখনো জয়শূন্য বাংলাদেশ। আজ জেগে উঠার বড় উপলক্ষ আছে টাইগারদের সামনে। আজকের ম্যাচটি বাংলাদেশের অধিনায়ক হিসেবে মাশরাফির ৫০তম ম্যাচ। দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়কের মাইলফলকের ম্যাচে সৌম্য-সাব্বিররা জ্বলে উঠতে পারবেন কিনা তা দেখার বিষয়।
শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ব্যক্ত করে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বলেন, ‘ঘুরে দাঁড়ানো তো অবশ্যই সম্ভব। তবে শেষ দুটি ম্যাচ যেভাবে খেলেছি ওইভাবে চিন্তা করলে খুব কঠিন। আমি বিশ্বাস করি, এই দলের সামর্থ্য আছে এর চেয়ে অনেক ভালো ক্রিকেট খেলার।’
তিনি বলেন, ‘সবাই দেশের জন্য খেলছি। বড় পরিসরে দেখলে আমরা সিরিজ হেরেছি। কিন্তু এখান থেকে একটা ম্যাচেও যদি ভালো করে যেতে পারি সেটা আমাদের জন্য বড় অর্জন হবে। এই সব দিক থেকে চিন্তা করলে সবকিছু এখনও ইতিবাচকভাবে নেওয়া যায়। যেহেতু একটা ম্যাচ বাকি আছে আমরা সর্বস্ব দেওয়ার চেষ্টা করবো।’
ইত্তেফাক/কেআই