নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ১১৭ বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনারগাঁও জি.আর মডেল স্কুল এন্ড কলেজ জাতীয়করণের দাবিতে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন কর্মসূচী ও স্বারকলিপি প্রদান করেছেন।
রবিবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত এক ঘণ্টা সোনারগাঁও পৌরসভার কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, সোনারগাঁও জি.আর মডেল স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক কামরুল হাসান, সহকারী অধ্যাপক মনিরুজ্জামান, নুরুল হক, শফিউল ইসলাম, সিনিয়র শিক্ষক স্বপন কুমার সূত্র ধর, ইব্রাহিম মিয়া, সামসুল কাইয়ুম, এখলাছুর রহমান, জসীমউদ্দিন সরকার, রঞ্জনা রানী সূত্র ধর, লুত্ফুন নেছা, অভিভাবক গাজী গিয়াস কামাল, শাহিন আলম, কামাল হোসেন প্রমুখ।
জানা যায়, বাংলাদেশ সরকার প্রতিটি উপজেলায় মডেল প্রকল্পভূক্ত একটি করে ৩১৫টি মডেল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের নীতিগতভাবে সিদ্ধান্ত গ্রহন করেন। এ সিদ্ধান্ত মোতাবেক এ উপজেলায় সবচেয়ে প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান সোনারগাঁও জি.আর,.ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজ এ প্রকল্পের মধ্যে পড়ে। সম্প্রতি এ প্রতিষ্ঠানটি অগ্রাধিকার না দিয়ে উপজেলার অন্য একটি প্রতিষ্ঠানকে জাতীয়করণের আওতায় আনা হয় বলে অভিভাবক শিক্ষক ও এলাকাবাসী অভিযোগ করেন। এ প্রতিষ্ঠান জাতীয়করণ থেকে বাদ দেয়ার প্রতিবাদে রবিবার সকালে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল, মানববন্ধন কর্মসূচী পালন করে। পরে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিনূর ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন, সরকার ঘোষিত মডেল প্রকল্পে সোনারগাঁও জি.আর.ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজ আওতাভূক্ত। কিন্তু এ প্রতিষ্ঠান জাতীয়করণের বাইরে রেখে এ উপজেলার আরো একটি প্রতিষ্ঠানকে জাতীয়করণের আওতায় আনা হয়েছে। এতে করে এলাকায় অসন্তোষ দেখা দিয়েছে। আমার চাই সরকার ঘোষিত মডেল প্রকল্পের আওতায় এ প্রতিষ্ঠানটি জাতীয়করণ করতে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ আমাদের এ প্রতিষ্ঠানটিকে জাতীয়করণ ঘোষণা করুন।
ইত্তেফাক/এএম।