পূর্ব বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ দুর্গাপুর গ্রামে দু'দল গ্রামবাসীর ফের সংঘর্ষের উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ১১টা থেকে দুর্গাপুর জারু মিয়ার বাড়ি ও মোল্লাবাড়ির মধ্যে এই সংঘর্ষ হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে দূর্গাপুর এলাকার জারুর বাড়ির সামসুল হকের ছেলে মহিউদ্দিনের সাথে মোল্লা বাড়ির রফিকুল ইসলামের ছেলে বোরহানের সাথে কথা কাটাকাটির নিয়ে দু'পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। এরই ধারাবাহিকতায় রবিবার সকাল ১১টায় উভয় পক্ষের সহস্রাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসময় এলাকার অন্তত ৬/৭ টি অংশে সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে মোল্লা বাড়ির অন্তত ২০ থেকে ২৫টি ঘরে ভাঙচুর ও লুটপাট করে এবং ৫টি ঘরে অগ্নিসংযোগ করে দাঙ্গাবাজরা। প্রায় ২ ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছে। পুলিশ ব্যাপক লাঠিচার্জ ও ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে দুপুর ১টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশুগঞ্জ থানার ওসি মো. বদরুল আলম তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষটি কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে কিছুটা সমস্যা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
ইত্তেফাক/জামান