রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন, বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে এদেশের মুক্তি সংগ্রামে যে দল অগ্রভাগে থেকে এদেশের মানুষের জন্য কাজ করেছে সেই দলের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের গ্রামের কিংবা ওয়ার্ডের একজন কর্মীকে অন্যান্য দলের কেন্দ্রীয় নেতাদের সাথে তুলনা করা যায়। কর্মীরাই আওয়ামী লীগের প্রাণ তথা চালিকা শক্তি।
তিনি বলেন, 'আওয়ামী লীগ ক্ষমতায় এলে এদেশের মানুষের উন্নয়ন হয়। আওয়ামী লীগ কর্মীদের মানুষের নিকট ইজ্জত সম্মান বাড়ে। আর বিএনপি জামায়াত ক্ষমতায় এলে দেশের সম্পদ লুটপাট হয়।'
মন্ত্রী শনিবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ সব সময় কর্মীদের মূল্যায়ন করে থাকে যা ইতোমধ্যে শেখ হাসিনার উন্নয়নের মাধ্যমে ফুটে উঠেছে। কারণ আওয়ামী লীগের কর্মীরা এলাকার ভোটারদের নির্বাচনের আগে যে কথা দিয়েছে, বঙ্গবন্ধু কন্যা তাদের সেই কথা রেখে দেশে ব্যাপক উন্নয়ন করেছেন।'
মন্ত্রী চৌদ্দগ্রামের রাস্তা-ঘাট, পুল-কালভার্ট, মসজিদ-মাদরাসা, স্কুল-কলেজের ব্যাপক উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আমার হাত ধরে চৌদ্দগ্রামে যে পরিমাণ উন্নয়ন হয়েছে বিগত সময়ে যারা চৌদ্দগ্রাম থেকে নির্বাচিত হয়ে এমপি কিংবা প্রধানমন্ত্রী হয়েছেন তারা আমার উন্নয়নের ধারে কাছেও তুলনা করতে পারবে না। কর্মী সমাবেশ শেষে মন্ত্রী নিজের অর্থে প্রতিটি গ্রামের প্রবীণ আওয়ামী লীগ নেতা কর্মীদের হাতে লুঙ্গি, ছাতা ও নগদ অর্থ প্রদান করেন।
সমাবেশে মুন্সিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কাশেম ভুঁইয়ার সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ বি এম এ বাহার, পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইনুদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহজালাল মজুমদার প্রমুখ।
ইত্তেফাক/জামান