দুর্ঘটনা প্রতিরোধে ও সুশৃঙ্খল সড়কের জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরোটি (বিআরটিএ) এর উদ্দ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘দুর্ঘটনা প্রতিরোধে ও সুশৃঙ্খল সড়কের জন্য সবাইকে সচেতন হতে হবে। সড়ক নিরাপদের কাজ একা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারবেন না, একা ইলিয়াস কাঞ্চন পারবেন না, একা ওবায়দুল কাদেরও পারবেন না। এজন্য সবার সহযোগিতা দরকার। সাধারণ পথচারী থেকে উচ্চ পর্যায়ের সবার মানসিকতা পরিবর্তন করতে হবে।’
বিআরটিএ’র চেয়ারম্যান মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও যশোর-২ আসনের সাংসদ অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির।
তিনি বলেন, আমাদের রাস্তাঘাট নিরাপদ করতে হবে। ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ এই স্লোগান সবার কাছে পৌঁছাতে হবে। ব্যাপক জনসচেতনতাই পারে আমাদের সড়কগুলোকে নিরাপদ করতে।
IMG0
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ‘নিরাপদ সড়ক চাই’ এর সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সাবেক সচিব এম এন সিদ্দিক, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম প্রমুখ।
‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ এই স্লোগানকে সামনে রেখে আজ রবিবার (২২ অক্টোবর) বাংলাদেশে প্রথমবারের মতো ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৭’ পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
ইত্তেফাক/এমআর/ইএইচএম