আওয়ামী লীগ নেতাকে আটকের প্রতিবাদে সড়ক অবরোধ

 
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নেতা মঞ্জুারুল আলমকে আটকের প্রতিবাদে হাটহাজারীতে সড়ক অবরোধ করেছে তার সমর্থকরা। 
 
আজ রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে চেতনা ৭১ সংগঠনের মেখল ইউনিয়নের সভাপতি এমএ রহিম মুন্নার নেতৃত্বে হাটহাজারী উপজেলা সদরের বাসস্ট্যান্ড, ইছাপুর বাজার, কলেজ গেইটে এবং মদনহাট, ১ নম্বর গেইট, ২ নম্বর গেইট, কাটিরহাট, সরকারহাট, চারিয়া বাজারসহ পুরা উপজেলায় সড়ক অবরোধ করে আটকের প্রতিবাদ জানায় তারা। 
 
এ সময় দুর্ভোগে পড়েন চট্টগ্রাম-নাজিরহাট-খাগড়াছড়ি, চট্টগ্রাম-রাউজান-রাঙামাটি রুটসহ নগরমুখী যাত্রীরা। আটকা পড়ে কয়েকশ যানবাহন। রাস্তার উপর যানবাহন রেখে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করছেন পরিবহন শ্রমিকরাও। এতে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 
জানা গেছে, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুরুল আলমকে আনোয়ারা উপজেলার বাসিন্দা জয়নাল দক্ষিণ জেলা যুবলীগ নেতার পায়ে গুলির করার অপরাধে শনিবার রাতে নগরীর আউটার স্টেডিয়াম সংলগ্ন অফিসার্স ক্লাবের সামনে থেকে তাকে কোতয়ালী থানা পুলিশ আটক করে।
 
মডেল থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর ইত্তেফাককে বলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নেতা মঞ্জুারুল আলমকে আটকের প্রতিবাদে তার সমর্থকরা সড়কে ব্যারিকেড দিয়েছে। আমরা দ্রুতই ব্যারিকেড তোলার চেষ্টা করছি।
 
ইত্তেফাক/কেকে