খাগড়াছড়িতে অস্ত্র-গুলিসহ আটক ২

 
খাগড়াছড়ির দীঘিনালায় পিস্তল ও গুলিসহ ইউপিডিএফ এর দুই নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 
 
আটককৃতরা হলেন, উপজেলার বাঘাইছড়িমুখ এলাকার মঙ্গল চন্দ্র চাকমার ছেলে বিভূরঞ্জন চাকমা ওরফে রমেশ (৬০) এবং অশ্বিনি মহাজন পাড়া এলাকার বুদ্ধপাড়ার বিভূতি ভূষন চাকমার ছেলে অমর চাকমা (৫৮)। 
 
দীঘিনালা থানার ওসি সামসুদ্দীন ভুঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে উপজেলার বানছড়া এলাকায় পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে রিনা চাকমার বাড়ি থেকে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল এবং ৬ রাউন্ড গুলি। 
 
পুলিশ সূত্র জানায়, বিভূরঞ্জন চাকমা ওরফে রমেশ ইউপিডিএফ এর দীঘিনালা উপজেলার গণসংযোগ শাখার প্রধান এবং অমর চাকমা তার দেহরক্ষী ছিলেন। 
 
আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) উপজেলা শাখার সংগঠক সুকৃতি চাকমা জানান, আটককৃত দুইজন তাদের সংগঠনের কর্মী। তবে তাদের কাছ থেকে অস্ত্র থাকার বিষয়টি সঠিক নয় বলে দাবি করেছেন তিনি।
 
ইত্তেফাক/কেকে