ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফল আজ রবিবার প্রকাশ করা হয়েছে। ঢাবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
এতে বলা হয়, গত ২০ অক্টোবর শুক্রবার এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ভর্তিচ্ছু মোট ৯৮ হাজার ৫৬ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৭১ হাজার ৫৪৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ১০ হাজার ২৬৪জন উত্তীর্ণ হয়েছে। বিজ্ঞানে ৬ হাজার ৬শ’২৩জন, মানবিকে ১হাজার ৮শ’৬৭, ব্যবসায় শিক্ষায় ১হাজার ৭শ’৭৪। সম্মিলিত পাশের হার ১৪ দশমিক ৩৫ ভাগ।
 
ঘ-ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে এক হাজার ৬১০টি (বিজ্ঞানে-১১৪৭টি, বিজনেস স্টাডিজে-৪১০ ও মানবিকে- ৫৩টি)। 
 
পরীক্ষার বিস্তারিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,পাশকৃত শিক্ষার্থীদের আগামী ১৩ নভেম্বর থেকে ২৩ নভেম্বর ২০১৭ পর্যন্ত ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। 
 
এছাড়া উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কোটার ফরম আগামীকাল সোমবার থেকে ৩০ অক্টোবরের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। 
 
ফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে। এসংক্রান্ত ফল আগামী ১ নভেম্বর তারিখে অনুষদ অফিসে প্রকাশ করা হবে। 
 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ রবিবার দুপুরে প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন। 
 
এ সময় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও ঘ-ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. সাদেকা হালিম প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস
 
ইত্তেফাক/কেকে