মাজারে খাদেমের ‘লাথিতে’ বৃদ্ধার মৃত্যু

 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি মাজারে খাদেমের লাথির আঘাতে রাবিয়া খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে পৌরশহরের খড়মপুর কল্লা শহীদ মাজারে এ ঘটনা ঘটে। নিহত রাবিয়া কল্লা শাহ মাজারে পরিচ্ছন্নতার কাজ করতো। এ ঘটনায় জড়িত রিংকু খাদেমকে (৪০) আটক করেছে পুলিশ।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার দুপুর ১২টার দিকে রাবিয়া মাজারের ১নং গেটের পাশে দাঁড়ানো ছিল। এ সময় রিংকু ওই বৃদ্ধার সাথে কথা বলার এক পর্যায়ে তাকে উপর্যপুরি কয়েকটি লাথি মারে। এতে ওই বৃদ্ধা মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা রিংকুকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ রিংকুকে আটক করে থানায় নিয়ে যায়।
 
এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন তরফদার বলেন, রিংকুকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে। 
 
ইত্তেফাক/এমআর