ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, বাস্তুচ্যুত লোকজন ফিরে যাওয়াসহ রোহিঙ্গা সংকট সমাধান হতে পারে। বাংলাদেশ এ সংকট সমাধানে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে নয়াদিল্লীর প্রতি আহ্বান জানিয়েছে। কারণ এটি বাংলাদেশে মানবিক সংকট সৃষ্টি করেছে।
আজ রবিবার পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে লিখিত বিবৃতিতে তিনি বলেন, মিয়ানমারে রাখাইন রাজ্যে সহিংসতায় ভারত গভীরভাবে উদ্বিগ্ন। এটি পরিষ্কার যে, একমাত্র স্বাভাবিক অবস্থা ফিরে আসলে বাস্তুচ্যুতরা রাখাইন রাজ্যে ফিরে যেতে পারে।
তিনি বলেন, নয়াদিল্লী জনগণের কল্যাণের কথা মাথায় রেখে সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছে। এ ছাড়া নয়াদিল্লী কফি আনান কমিশনের সুপারিশও বাস্তবায়নের পক্ষে।
সুষমা স্বরাজ সংকট সৃষ্টির পর গত মাসে বাংলাদেশের সমর্থনে ভারতের ‘অপারেশন ইনসানিয়াত’-এর প্রসঙ্গ উল্লেখ করে বলেন, রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা লাখ লাখ বাস্তুচ্যুত মানুষকে কক্সবাজারে আশ্রয় দেয়া প্রশংসনীয় প্রচেষ্টা।
তিনি বলেন, অপারেশন ইনসানিয়াতের আওতায় নয়াদিল্লী তিন লাখ বাস্তুচ্যুত মানুষের জন্য চাল, ডাল, লবণ, চিনি, ভোজ্যতেল, চা, গুঁড়ো দুধ, মশারি ও সাবানসহ প্রয়োজনীয় পণ্য পাঠিয়েছে। তবে আমাদের মতে, রাখাইন রাজ্যে দ্রুত আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নই এ সংকটের একমাত্র দীর্ঘমেয়াদি সমাধান হতে পারে।
রাখাইন রাজ্যে গৃহীত সুনির্দিষ্ট প্রকল্পগুলোতে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদানে ভারতের প্রতিশ্রুতির কথাও সুষমা স্বরাজ জানান।
বাংলাদেশ-ভারত জয়েন্ট কনসাল্টেটেটিভ কমিশনের (জেসিসি) চতুর্থ বৈঠক শেষে দুই মন্ত্রী গণমাধ্যমের সামনে উপস্থিত হন। বৈঠকে দুই দেশের পররাষ্ট্র ও অন্যান্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা তাদের সহায়তা করেন। বাসস
ইত্তেফাক/কেকে