আবহাওয়া স্বাভাবিক হলেও ব্যস্ত ও স্পর্শকাতর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে পারাপারের জন্য আসা যানবাহনের চাপ অব্যাহত রয়েছে। রবিবার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাটুরিয়ায় দুইশ ও দৌলতদিয়া প্রান্তে বিভিন্ন প্রকার সাড়ে তিনশ যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। এছাড়া, তিন-চার দিন আগে আসা অন্তত ৩শ পন্যবাহী ট্রাক ফেরি পারের অপেক্ষায় রয়েছে।
জানা গেছে, এ রুটে চলাচলকরী ছোট-বড় ১৬টি ফেরির মধ্যে তিনটি বিকল রয়েছে। বাকি ১৩টি ফেরিযোগে যানবাহন পারাপার হচ্ছে। অপেক্ষামান যানবাহনের তুলনায় ফেরির সংখ্যা কম হওয়ায় ঘাট এলাকায় যানজট স্থায়ী রুপ নিয়েছে। এতে, যাত্রীসাধারন, পরিবহন শ্রমিক ও ঘাট সংশ্লিষ্টরা চরম দুর্ভোগ পোহায়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত কয়েক দিনে অব্যাহত বৈরী আবহাওয়ায় এ রুটে ফেরি সার্ভিসে বিঘ্ন ঘটে। পদ্মা উত্তাল হওয়ায় গত শুক্রবার গভীর রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়। এতে পারের অপেক্ষায় থাকা যানবাহনের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পায়।
ইত্তেফাক/নূহু