লেগুনার চাকা ফেটে খাদে, আহত ১২

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাটকেলপোতা নামকস্থানে একটি যাত্রীবাহী লেগুনা খাদে পড়ে ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে নয়টার দিকে চুয়াডাঙ্গা থেকে একটি লেগুনা ১২/১৪ জন যাত্রী নিয়ে মেহেরপুরের উদ্দেশে রওনা দেন। রাত নয়টার দিকে মেহেরপুর সদর উপজেলার পাটকেলপোতা নামকস্থানে পৌঁছালে লেগুনাটির সামনের একটি চাকা পাঞ্চার হয়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার ধারে উল্টে যায়। এতে কমপক্ষে ১২ জন আহত হন।
 
বারাদী ক্যাম্প ইনচার্জ এএসআই বাবলু জানান, দুর্ঘটনা কবলিত নম্বর বিহীন গাড়িটি (লেগুনা) চুয়াডাঙ্গা মালিকের বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি আরো বলেন দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। লেগুনাটি বর্তমানে বারাদী ক্যাম্পে রাখা হয়েছে।
 
ইত্তেফাক/এএম।