ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ শিশুসহ ৮ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আটককৃতরা হল, ভারতের উত্তর প্রদেশের শাহাজাদপুর জেলার দেওয়ালী গ্রামের গঙ্গারামের দুই ছেলে সাত্তার পাল(৩৫), প্রেম চাঁদ(৩০), তাদের স্ত্রী স্মৃতি রানী(৩০), স্বপ্না রানী(২৫) ও তাদের চার শিশু সন্তান।
রবিবার দিবাগত রাতে উপজেলার খোসালপুর সীমান্ত থেকে তাদের আটক করে খোসালপুর বিজিবির টহল দল।
মহেশপুর থানা ও বিজিবি সূত্রে জানায়, রবিবার দিবাগত রাতে খোসালপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় খোসালপুর বিজিবির টহল দল হাবিলদার হাফিজুলের নেতৃত্বে তাদেরকে আটক করে।
আটককৃতরা জানায়, তারা কিছুদিন আগে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামে আত্মীয় বাড়ীতে বেড়াতে এসেছিল। খোসালপুর সীমান্তের পেন্টু নামে এক দালাল ১৫ হাজার টাকার চুক্তিতে ৯ হাজার টাকা নগদে নিয়ে সীমান্তের পার করার সময় তাদেরকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিজিবি এসে তাদেরকে আটক করে মহেশপুর থানায় সোপর্দ করে। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।
ইত্তেফাক/এমআর