নারীকে ‘হুমকী দেওয়ায়’ সালমানের দেহরক্ষীর নামে মামলা

এক নারীকে হুমকি দেয়ার অভিযোগে বলিউডের ভাইজানখ্যাত সালমান খানের দেহরক্ষী শেরার বিরুদ্ধে মামলা করা হয়েছে। মুম্বাইয়ের খার থানায় এফআইআর করেন ৩১ বছরের শবনম হামিদ শেখ।
 
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, শবনম শেখ নামে ওই নারী বিগত ৫ বছর ধরে মুম্বাইয়ের বান্দ্রায় বসবাস করেন। তার একটি জামা-কাপড়ের দোকান রয়েছে। পাশাপাশি সিডব্লিউসি এন্টারপ্রাইজ নামে তিনি এক সিকিউরিটি সংস্থারও ডিরেক্টর।
 
শবনমের দাবি, গত ২০ অক্টোবর তার কাছে একটি ফোন আসে। যিনি ফোন করেছিলেন তিনি নিজেকে শেরা বলে দাবি করেন। উত্তরে নারী তাকে চেনেন না বলে জানালে, শেরা বলেন- তিনি সালমান খানের দেহরক্ষী।
 
ওই নারী আরও জানান, শেরা নামে ওই ব্যক্তি হুমকি দেন- ‘আপ ভাইকো কিউ তকলিফ দে রহি হো, যো হ্যায় আপস মে সেটল করো’
শবনমের দাবি, বিগবস ১১-এর প্রতিযোগী জুবের খানের সঙ্গে সালমান খানের যে ঝামেলা লেগেছিল, তাকে হুমকি দিয়ে সেই বিষয়টিই মিটিয়ে নেয়ার কথা বলেন শেরা।  
 
এদিকে সালমানের নিরাপত্তারক্ষী শেরার দাবি, তিনি শবনম নামে কোনো নারীর সঙ্গে কখনও কথা বলেননি। এর আগে নানান বিতর্ক, মামলা-মোকদ্দমা, আইনি জটিলতায় নাম জড়িয়েছেন ভাইজান। এবার আইনি জটিলতায় নাম জড়ালো তার দেহরক্ষীরও। ডেকান ক্রনিকল।
 
ইত্তেফাক/রেজা