খাগড়াছড়ির গুইমারায় জুয়া খেলতে নিষেধ করায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছেন স্বামী। পুলিশ ঘাতক স্বামী মোকলেসুর রহমানকে (২৭) আটক করেছে। উপজেলার পশ্চিম বড়পিলাক গ্রামে সোমবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ খবরটি নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, পশ্চিম বড় পিলাক গ্রামের বাসিন্দা মনছুর আলীর ছেলে মোকলেসুর রহমানকে সকালে স্ত্রী জান্নাতুল ফেরদৌস জুয়া খেলতে নিষেধ করেন। এতে তিনি ক্ষুব্দ হয়ে স্ত্রীকে মারধর করেন। এক পর্যায়ে ফেরদৌসির গলায় ওড়না পেঁচিয়ে চেপে ধরেন মোকলেস। এতে শ্বাস বন্ধ হয়ে মারা যান স্ত্রী। প্রতিবেশীরা ঘটনা আঁচ করতে পেরে থানায় খবর দেয়। পরে ওসি সাহাদাৎ হোসেন টিটুর নেতৃত্বে পুলিশের একটি দল এসে গ্রামবাসীর সহায়তায় মোকলেসকে আটক করে। তিনি স্ত্রীকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।
গ্রামবাসী জানায়, প্রায় দেড় বছর আগে ফেরদৌসিকে বিয়ে করে মোকলেস। বর্তমানে তাদের এক বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
গুইমারা থানার ওসি সাহাদাৎ হোসেন টিটু বলেন, মোকলেস স্ত্রীকে হত্যা করার কথা স্বীকার করেছেন। তিনি মঙ্গলবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিবেন।
ইত্তেফাক/আরকেজি