আখাউড়ায় ১৫০ বোতল ফেনসিডিলসহ কৃষি মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি গাড়ি জব্দ করেছে পুলিশ। আখাউড়া-চান্দুরা সড়কের আমোদাবাদ এলাকা থেকে রবিবার দিবাগত রাতে ওই গাড়িটি জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আমোদাবাদ এলাকায় রবিবার দিবাগত রাতে পুলিশ টহল দিচ্ছিল। এ সময় একটি গাড়িকে থামার জন্য সংকেত দেয় পুলিশ। গাড়িটি পুলিশের সংকেত অমান্য করে দ্রুতবেগে যেতে থাকে। পুলিশ গাড়িটিকে ধাওয়া করলে তা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে বন্ধ হয়ে যায়। এই সুযোগে পুলিশ আসার আগেই চালকসহ অন্যরা পালিয়ে যায়।
পরে গাড়ির ভেতর থেকে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। গাড়িটির সামনে বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের স্টিকার রয়েছে।
আখাউড়া থানার ওসি মো. মোশারফ হোসেন তরফদার বলেন, কৃষি মন্ত্রণালয়ের স্টিকারযুুক্ত গাড়িতে করে ভারতীয় ১৫০বোতল ফেনসিডিল পাচার করা হচ্ছিল। গাড়ি ও ফেনসিডিল থানায় রাখা হয়েছে। এই বিষয়ে মাদক আইনে মামলা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি