তারকা অলরাউন্ডার বেন স্টোকসকে ছাড়াও অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ড এ্যাশেজ সিরিজ পুনরুদ্ধার করতে পারে বলে দাবী করেছেন সাবেক অসি বোলিং তারকা মিচেল জনসন।
এ্যাশেজ সিরিজ খেলতে আগামী শনিবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবে ইংল্যান্ড দল। গত মাসে একটি নাইট ক্লাবে মারামারির ঘটনায় অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হওয়ায় দলের সঙ্গে যেতে পারছেন না স্টোকস। তবে ২৩ নভেম্বর শুরু হওয়া পাঁচ টেস্টের সিরিজে স্টোকস খেলবে না এখনই সেটা বলা যাচ্ছে না।
নিজ মাটিতে ২০১৩-১৪ মৌসুমে ৩৭ উইকেট শিকার করে দলের ৫-০ ব্যবধানের এ্যাশেজ জয়ে মুখ্য ভূমিকা রাখা জনসন বলেন, স্টোকস খেলতে না পারলেও অস্ট্রেলিয়ার উচিত হবে না ইংল্যান্ডকে হাল্কা ভাবে নেয়া।
বিবিসি বেতারের এক অনুষ্ঠানে জনসন বলেন, স্টোকস নেই, ইংল্যান্ড নেই-জনগণের এমন মন্তব্যের বিষয়ে অস্ট্রেলিয়ার খুব বেশি চিন্তা করা উচিত আমি তা মনে করি না। আমি মনে করি তাকে (স্টোকস) ছাড়া ইংল্যান্ড সিরিজ জিততে পারে এবং সর্বোচ্চ পর্যায়ের একটা প্রতিদ্বন্দ্বিতায় যে কেউই জিততে পারে। স্টোকস নেই সুতরাং তারা (ইংল্যান্ড) জিতে পারবে না অস্ট্রেলিয়ার এমনটা ভাবা উচিত নয়। এটা অসিদের জন্য ক্ষতিকর হতে পারে।
২০১৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া ৩৫ বছর বয়সী জনসন বলেন তার এখনো ধারণা অস্ট্রেলিয়ার সিরিজ জেতা উচিত এবং ইংল্যান্ডের অনেক ব্যাটসম্যানেরই প্রতিপক্ষের পেস আক্রমণ সম্পর্কে ধারণা নেই।
তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজ জিততে পারে আমি এখনো বিশ্বাস করি। তবে উভয় দলের সাম্প্রতিক পারফরমেন্সই আহা মরি কিছু নয়।বাসস।
ইত্তেফাক/রেজা