মিয়ানমার গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

 
রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন সমস্যা নিরসনে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল আজ সোমবার দুপুরে মিয়ানমারের রাজধানীর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
 
মন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. সোহেল মিয়া জানান, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট দুপুর ১২টা ৪৫ মিনিটে ঢাকা ছেড়েছে।
 
প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন- নিরাপত্তা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমদ চৌধুরী, জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তফা কামাল উদ্দিন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক ও বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন।
 
মিয়ানমার সরকারের আমন্ত্রণে প্রতিনিধিদল প্রতিবেশী দেশটি সফরে করছেন। তাদের আগামী ২৫ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে বলে সোহেল মিয়া জানান। বাসস
 
ইত্তেফাক/কেকে