রাবির আওতায় বৃত্তিমূলক পরীক্ষায় খুলনার আদ্-দ্বীন-আকিজ মেডিকেল শীর্ষে

 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওতাধীন প্রথম বৃত্তিমূলক পরীক্ষায় অংশ নিয়ে প্রথম বছরেই শীর্ষস্থান দখল করেছে খুলনা আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজ। 
 
দেশের ২২টি সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মধ্যে গত মে মাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে খুলনা  আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ পাসের দিক দিয়ে শীর্ষস্থান দখল করে। একই সঙ্গে এ কলেজের এনাটমি বিভাগের ছাত্রী নূরে জান্নাত   সেতু অনার্সে ৮৫ শতাংশ মার্কস পেয়েছেন।   
 
চলতি বছর মে মাসে অনুষ্ঠিত প্রথম বৃত্তিমূলক এমবিবিএস পরীক্ষার ফলাফলে দেখা যায়, খুলনা আদ্-দ্বীন  আকিজ মেডিকেল কলেজের ৮৭ শতাংশ  শিক্ষার্থী পাস করে শীর্ষস্থান দখল করেছে। এবারের পরীক্ষায়  মোট ৯ জন অনার্স মার্কস পেয়েছেন। এই  ৯ জনের মধ্যে আদ্-দ্বীন-আকিজ মেডিকেল কলেজের শিক্ষার্থী নূরে জান্নাত সেতুও রয়েছেন।   
 
কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. পরিতোষ কুমার রায় বলেন, ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজের যাত্রা শুরু। এরপরেও দুবছর আগে থেকে নগরীর বৈকালিতে হাসপাতালের কার্যক্রম শুরু হয়। এ প্রতিষ্ঠানটি খুলনার মধ্যে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যে সবার আস্থা অর্জন করেছে। ভবিষ্যতে এ সাফল্য ধরে রাখতে ৭০ জন শিক্ষক-শিক্ষিকাসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। 
 
কলেজের উপাধ্যক্ষ ডা. মো. আশফাকুর রহমান বলেন, এই সাফল্যের প্রধান কারণ কলেজের নিয়মানুবর্তিতা ও শৃংখলা। সেই সঙ্গে প্রতিটি বিভাগে পূর্ণকালীন দুজন প্রফেসর রয়েছেন। এখানে কোনো রাজনীতি  নেই। পড়াশুনা সুষ্ঠু পরিবেশ রয়েছে। 
 
জানা গেছে, অনার্স মার্কস সেতুর পিতা একজন মাদ্রাসা শিক্ষক।  তিনি এসএসসি ও এইচএসসিতে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। যশোরের চৌগাছা উপজেলার ঝিনাইকুণ্ডু গ্রামের জাকির হোসেনের মেয়ে সেতু এক ভাই এক বোনের মধ্যে বড়। সেতু একজন গাইনোকোলজি বিশেষজ্ঞ হতে চান।
 
ইত্তেফাক/ইউবি