মাগুরায় সোমবার দুপুরে অভিযান চালিয়ে শহরের দুটি অবৈধ ক্লিনিক সিলগালা ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া জানান, দুপুর ১টার দিকে শহরের ভায়নার মোড় এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে রোগী ভর্তি, সিজারিয়ান অপারেশন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার করায় লাইসেন্স বিহীন শারমিন ক্লিনিকে জরিমানা করা হয়। ক্লিনিকের মালিক শারমিন আক্তারকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের জেল দেয়া হয়। এ সময় তিনি জরিমানার টাকা পরিশোধ করে লাইসেন্সের প্রক্রিয়া সম্পন্ন করার অঙ্গীকার করেন।
এদিকে দুপুর ১২টার দিকে সদর হাসপাতাল এলাকায় হ্যাপি ক্লিনিক নামে একটি অবৈধ ক্লিনিকে অভিযান চালিয়ে ম্যানেজারকে ২ হাজার টাকা জরিমানা ও ক্লিনিকটি বন্ধ ঘোষণা করে সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।
IMG0
জেলা ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক মো. মামুনুল হাসান ও সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সুব্রত কুমার বিশ্বাস এ অভিযানে অংশ নেন।
ইত্তেফাক/আরকেজি