তালায় অবিরাম বৃষ্টিতে মাছের ঘের ও ফসলের ক্ষতি

বঙ্গোপসাগরের গভীরে সৃষ্ট নিম্নচাপের কারণে সাতক্ষীরার তালা উপজেলাসহ বিভিন্ন অঞ্চলে থেমে থেমে ভারী ও অবিরাম বৃষ্টির ফলে জনজীবন যেমন বিপন্ন তেমনি ক্ষতি হয়েছে মত্স্য ঘেরসহ শীতকালীন সবজির। তলিয়ে গেছে উপজেলার বিভিন্ন নিম্ন এলাকা। গত কয়েকদিনের দুর্যোগপূর্ণ আবওহাওয়ায় খেটে খাওয়া মানুষ ঘর থেকে বের হতে না পেরে গৃহবন্দি হয়ে পড়ে। মাথায় হাত উঠেছে সবজি, মাছ ও আমন ধান চাষিদের। বৃষ্টিতে তলিয়ে গেছে পাকা আমন ধানের ক্ষেত এবং এলাকার শত শত বিঘা মত্স্য ঘের, ক্ষতি হয়েছে শীতকালীন সবজির। উপজেলার খলিলনগর, তেঁতুলিয়া, ইসলামকাটী, তালা ইউনিয়নসহ বিভিন্ন এলাকা ঘুরে এসব দৃশ্য নজরে পড়ে।

উপজেলার হাজরাকাটি গ্রামের একাধিক চাষি জানান, টানা বৃষ্টির ফলে ফুলকপি, পাতাকপি, মুলা ও লালশাক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে হান্নান সরদারের ২ বিঘা ফুলকপি, গোবিন্দ রজকের ১ বিঘা, সুদিপ ঘোষের ৩ বিঘা, সুভাষ ঘোষের ১ বিঘা ফুলকপি, ২ বিঘা বেগুন, ১ বিঘা মুলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আটারই গ্রামের সবজি চাষি আবু সাঈদ জানান, টানা দু’দিন বৃষ্টি ও হালকা বাতাসের ফলে কয়েক বিঘা সবজির ফসল দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

খেশরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শামছুল হক জানান, ভারি বৃষ্টির ফলে খেশরা এলাকায় মত্স্য ঘের, ঘরবাড়ি এবং ৫’শ বিঘা পাকা ধানের ক্ষেত তলিয়ে গেছে। এদিকে ভারী বৃষ্টির ফলে বাজারে সবজির দাম ক্রমশ বাড়ছে। টানা ২ দিন বৃষ্টির ফলে বর্তমানে সবজির দাম বেড়ে হয়েছে ৪০/৫০ টাকা প্রতি কেজি।

সবজি ব্যবসায়ীরা জানান, বৃষ্টির কারণে শতিকালীন সবজির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজারে সবজি কম আসছে আর সেটি চড়া দামে কিনতে হচ্ছে। কেজি প্রতি ২/৪ টাকা রেখে বিক্রয় করছি। তবে এরপর বৃষ্টি থামলে মৌসুমি সবজি ফুলকপি, পাতাকপি, মুলার দাম আরও বাড়বে বলে ধারণা করছে সবজি ব্যবসায়ীরা।

ইত্তেফাক/নূহু