ঝিনাইগাতীতে নদীর পাড় কেটে বালু উত্তোলন

ঝিনাইগাতীতে মহারশি নদীর পাড় কেটে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয় বালুদস্যুরা বালু উত্তোলনের ক্ষেত্রে কোনো ধরনের নিয়ম-নীতির তোয়াক্কা না করে নদীর পাড় কেটে অবাধে বালু উত্তোলন করে আসছে। ফলে বিভিন্ন স্থানে নদী ভাঙনের পাশাপাশি পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে হুমকির সম্মুখীন হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মহারশি নদী থেকে গত এক যুগ ধরে বালু উত্তোলন করা হচ্ছে। এতে বালুশূন্য হয়ে পড়েছে নদীটি। এরপর থেকে শুরু হয় নদীর পাড় কেটে বালু উত্তোলন। শ্যালো মেশিন বসিয়ে নদীর পাড় কেটে অবাধে উত্তোলন করা হচ্ছে বালু। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রশাসনের জ্ঞাতসারেই নদীর পাড় কেটে অবাধে বালু উত্তোলন করা হলেও যেন দেখার কেউ নেই। নদীর পাড় কেটে এবং অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় মহারশি নদীর সন্ধ্যাকুড়াসহ বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন। এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য পড়ছে হুমকির মুখে অপরদিকে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।

ইত্তেফাক/নূহু