মঠবাড়িয়ায় সোনালী উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি মাইক্রো ক্রেডিট সংস্থার বিরুদ্ধে কয়েক হাজার গ্রাহকের জমাকৃত অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ওই সংস্থাটি মাইক্রোক্রেডিটের লাইসেন্স নিয়ে উপজেলায় ১১ ইউনিয়নে ৭টি শাখার মাধ্যমে শত শত সমিতি গঠন করে স্থানীয় কয়েক হাজার গ্রাহকের কাছ থেকে প্রায় সাড়ে সাত কোটি টাকা হাতিয়ে নিয়ে সংস্থার কার্যক্রম গুটিয়ে নেয়।
গতকাল সোমবার এ প্রতারণার প্রতিবাদ ও ভুক্তভোগী গ্রাহকদের সমুদয় অর্থ ফেরত পাওয়ার দাবিতে সচেতন নাগরিক সমাজের ব্যানারে শহরের শহীদ মিনারের সম্মুখ সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শেষে সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক আওয়ামী লীগ নেতা মো. আরিফউল হকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম ইল হক, মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল আকন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জুলহাস শাহীন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিফাত, পৌর ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক তুষার আহম্মেদ মিলন প্রমুখ।
এ ব্যাপারে সংস্থাটির চেয়ারম্যান এ কে এম শামস উদ্দিন আজাদ মোবাইল ফোনে সাংবাদিকদের জানান, কতিপয় শাখা ব্যবস্থাপকদের অনিয়ম ও নীতিমালা না মানায় সমস্যার সৃষ্টি হয়েছে। তারপরেও সংস্থার নিজস্ব সম্পত্তি বিক্রি করে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা ফেরত দেয়া হবে।উল্লেখ্য, এ প্রতারণার অভিযোগে পেয়ে মাইক্রো ক্রেডিট কর্তৃপক্ষ ২০১৫ সালের ১৬ জুলাই এক আদেশে ওই সংস্থাটির সনদ বাতিল করে। পাশাপাশি সকল গ্রাহকের সমুদয় সঞ্চয়ী অর্থ ফেরত দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত নির্দেশ দেন। কিন্তু ওই নির্দেশ মোতাবেক সঞ্চয়কৃত অর্থ ফেরত না দিয়ে সংস্থার কার্যক্রম গুঁটিয়ে নেয়।
ইত্তেফাক/নূহু