রাঙ্গামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার করল্যাছড়ি বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই থেকে আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে লংগদু উপজেলার করল্যাছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আল-আমিনের কম্পিউটারের দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দোকানের চারপাশে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে আগুন ছড়িয়ে যায় বাজারের বিভিন্ন দোকানে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে লংগদু জোনের সেনা সদস্যরা। পরে স্থানীয়দের সহায়তায় সেনাবাহিনী, পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। পরে দীঘিনালা ও খাগড়াছড়ি থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দীর্ঘ দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। কিন্তু তার আগে আগুনে পুড়ে গেছে বাজারর এক তৃতীয়াংশ দোকান।
IMG0
এসময় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন লংগদু জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ আব্দুল আলীম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাদ্দেক মেহেদী হাসান, লংগদু উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।
এ ব্যাপারে লংগদু জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ আব্দুল আলীম চৌধুরী, জানান, লংগদু জোনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি ক্ষতির তালিকা তৈরি করে রাঙ্গামাটি জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে। আমরা চেষ্টা করছি যেসব শিক্ষার্থীদের বই-খাতা পুড়ে গেছে তাদের নতুন বই-খাতা প্রদানের ব্যবস্থা করতে।
ইত্তেফাক/জামান