নতুন গ্যাসকূপ সন্ধানের খবরে আনন্দের জোয়ারে ভাসছে ভোলাবাসী

জেলার বোরহানউদ্দিনে শাহবাজপুর গ্যাসফিল্ডের নতুন গ্যাসকূপ সন্ধানের খবরে আনন্দের জোয়ারে ভাসছে ভোলাবাসী।
 
আবিষ্কৃত নতুন গ্যাসকূপ শাহবাজপুর ইস্ট-১ থেকে ৭০০ বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধানের খবরটি জানানোর পর উচ্ছ্বাস প্রকাশ করে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এতে করে গ্যাসসমৃদ্ধ এই জেলায় উন্নয়নের নতুন দিগন্ত সূচিত হবে বলে মনে করছেন তারা।
 
গত ৬ আগস্ট বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বোরহানউদ্দিন উপজেলার টবগি ইউনিয়নে এই অনুসন্ধান গ্যাসকূপ খনন কাজের উদ্বোধন করেন। আগের চারটি কূপ নিয়ে বর্তমানে এখানে এক ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ রয়েছে বলে আশা করা যাচ্ছে। এছাড়া আরো একটি অনুসন্ধান কূপ খনন করার কথা রয়েছে।
 
ভোলা চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল মমিন টুলু জানান, গ্যাস হচ্ছে প্রাকৃতিক শক্তি। যে দেশে গ্যাস থাকে সে দেশ সবার আগে উন্নত হয়। এই গ্যাস দিয়ে জেলায় শিল্প-কলকারখানা হবে। এতে করে ব্যাপক কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর হবে। ইতোমধ্যে দেশের বড় বড় শিল্প উদ্যোক্তারা এখানে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। তাই নতুন এই গ্যাসকূপের সন্ধানের খবরে আমরা আনন্দিত।
 
জেলা প্রশাসক (ডিসি) সেলিমউদ্দিন জানান, নতুন গ্যাস কূপ ভোলার উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে। আগামী দিনে পায়রা বন্দর নির্মাণ সম্পন্ন হলে ও ভোলা-বরিশাল ব্রিজ নির্মিত হলে এখানে গ্যাসভিত্তিক অনেক শিল্প গড়ে উঠবে। এই শিল্পের সাথে সহায়ক অনেক সেবা পাওয়া যাবে। গ্যাস ভোলার অর্থনৈতিক উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে।
 

ইত্তেফাক/এএম।