জয়পুরহাটে মাদককে না বলেছে শিক্ষার্থীরা

জয়পুরহাট সদর উপজেলার ভাদসা হাইস্কুলের শিক্ষার্থীরা আজ মঙ্গলবার মাদক বিরোধী এক আলোচনায় অংশগ্রহণ করে মাদককে না বলেছে।
 
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও ভাদসা উচ্চ বিদ্যালয় যৌথভাবে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী প্রচারণা ও গণসচেতনতামূলক কার্যক্রমের আওতায় এক আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মাদকের কুফল তুলে ধরে বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান শরীফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রী উত্তম কুমার চৌধুরী। এ ছাড়াও সহকারী শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, অজিত কুমার সরদার, মো. জিল্লুর রহামান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মো. রফিকুল ইসলাম, বিভাগীয় স্টাফ মো. বায়েজিদ হোসেন ও আহমেদ শোভা আলোচনায় অংশ গ্রহণ করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ভাদসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তৈয়ব মন্ডল। 
 
সভায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নবম শ্রেণির ছাত্রী ফারিয়া ইয়াছমিন শিশির ও মো. সাকিব হোসেন। সভায় ওই বিদ্যালয়ের ৪০০জন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন, সেখানে হাত তুলে মাদককে না বলেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মাদক বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বাসস।
 
ইত্তেফাক/এমআই