মন্ত্রী নাসিমের প্রতিশ্রুতি পূরণ

সরকারি চাকরি পেলেন রুপার বোন

 
চলন্ত বাসে গণ ধর্ষণের পর খুন হওয়া রুপার ছোট বোন পপিকে চাকরি দিয়ে প্রতিশ্রুতি পূরণ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম। ঘটনার দুই মাস পর স্বাস্থ্যমন্ত্রী সরকারি ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগে তাকে এই চাকরি দিয়েছেন।
 
বিষয়টি রুপার বড় ভাই হাফিজুর রহমান মঙ্গলবার দুপুরে দৈনিক ইত্তেফাককে নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা দেড়টার দিকে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডা. জগলুল হায়দার নিহত রুপার বোন পপির হাতে তার সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন। তিনি আরো জানান, বগুড়াস্থ এসেনশিয়াল ড্রাগের কার্যালয়ে তাকে অফিস সহকারী পদে নিয়োগ দেওয়া হয়েছে।
 
এদিকে স্বাস্থ্যমন্ত্রীর উদারতায় ও মহানুভবতায় রুপার মা হাসনা হেনা (৬৩) পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিমের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, মেয়ে হারানোর বেদনা মুছে দিতে সরকারের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে আমরা অভিভূত। এ সময় তিনি পরিবারের পক্ষ থেকে আবারও দ্রুত বিচার আইনে রুপা হত্যার বিচার দাবি করে বলেন, 'আমি আমার জীবদ্দশায় হত্যাকারীদের বিচার দেখে যেতে চাই।'
 
প্রসঙ্গত, ২৫ আগস্ট টাঙ্গাইলে চলন্ত বাসে গণধর্ষণের পর পৈশাচিকভাবে খুনের শিকার জাকিয়া সুলতানা রুপার বাড়িতে ১ সেপ্টেম্বর রুপার পরিবারকে সান্ত্বনা ও সমবেদনা জানাতে স্মরণ ও শোক সভায় যোগদান করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম। সেখানে তিনি ১ লাখ টাকা অনুদান ও রুপার ছোট বোন পপিকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন।
 
ইত্তেফাক/জামান