জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বলেছেন, মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং যুব উন্নয়ন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। তিনি বলেন, ইউএনএফপিএ ’র এসপিসিপিডি প্রকল্প এ বিষয়গুলোতে জনসচেতনতা তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আজ মঙ্গলবার সংসদ ভবনে ইউএনএফপিএ’র অর্থায়নে জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেনদেনিং পার্লামেন্টস ক্যাপাসিটি ইন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট ইস্যুজ (এসপিসিপিডি) শীর্ষক প্রকল্পের আওতায় গঠিত ‘মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণ’, ‘বাল্যবিবাহ প্রতিরোধ’ এবং ‘যুব উন্নয়ন’-বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
কর্মশালায় ‘মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণ’, ‘বাল্যবিবাহ প্রতিরোধ’ এবং ‘যুব উন্নয়ন’ সম্পর্কিত লিফলেট এবং সভা-সেমিনারের মাধ্যমে তৃণমূল পর্যায়ে প্রচার-প্রচারণা অব্যাহত রাখার বিষয়ে অভিমত ব্যক্ত করা হয়।
কর্মশালায় এসপিসিপিডি বার্ষিক পরিকল্পনা ২০১৭-তে প্রদর্শিত মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণ সংক্রান্ত সকল কার্যক্রম অবিলম্বে পূর্ববর্তী বছরের ন্যয় সুচারুরূপে পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়। কর্মশালায় দূর্গম এলাকার সংসদ সদস্যদের নিয়ে মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণ-কর্মশালা করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া কর্মশালায় দেশের উন্নয়নে যুব সমাজের অবদান অপরিহার্য বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আব্দুর রব হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হুইপ বেগম মাহাবুব আরা গিনি এমপি, ফজিলাতুন নেসা এমপি, রিফাত আমিন এমপি, মোঃ হাবিবে মিল্লাত এমপি, বেগম শিরীন আকতার এমপি, আ, ফ, ম রুহুল হক এমপি, সেলিনা বেগম এমপি এবং এড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।
কর্মশালায় এসপিসিপিডি শীর্ষক প্রকল্পের পরিচালক এম এ কামাল বিল্লাহ্সহ জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ইউএনএফপিএ’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাসস
ইত্তেফাক/কেকে